শিরোনাম

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পাঁচ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহনের চালকদের কয়েকটি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। এগুলো হলো—

  • পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।
  • যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসবেন, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।
  • কোনো যানবাহন কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করে রাখা যাবে না (পার্ক করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
  • অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।
  • পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে (সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র–সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।

এ আদেশ আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।

/এসবি/