শিরোনাম

কাতারে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা থেকে সরেনি উয়েফা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কাতারে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা থেকে সরেনি উয়েফা
ফিনালিসিমায় মুখোমুখি হবেন মেসি ও ইয়ামাল। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এই যুদ্ধকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন ঘাটি থাকায় কাতারও এরই মধ্যে ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে শঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি নিয়ে।

তবে চলতি মাসে কাতারেই ম্যাচটি আয়োজন করার পরিকল্পনা বহাল রেখেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বৃহস্পতিবার (৫ মার্চ) উয়েফা জানায়, ২৭ মার্চ কাতারে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এই ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে ‘আপাতত বিকল্প কোনো ভেন্যু বিবেচনা করা হচ্ছে না।’

উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচটি সফলভাবে আয়োজন করতে স্থানীয় আয়োজকরা ব্যাপক চেষ্টা চালিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

তবে এর আগে কাতারে ঘরোয়া ফুটবল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিনালিসিমার এই ম্যাচে মুখোমুখি হতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ও স্পেনের তারকা লামিনে ইয়ামাল।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলকে সঙ্গে নিয়ে ম্যাচটি আয়োজন করছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, ‘আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

৩১ মার্চ কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। তবে বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি হওয়ার কথা। এই মাঠে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

/টিই/