শিরোনাম

এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতী প্যারাগুয়ের বোবাদিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবারের বিশ্বকাপের প্রথম আত্মঘাতী প্যারাগুয়ের বোবাদিয়া
এবারের আসরের প্রথম আত্মঘাতী গোলটি করেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের সাক্ষী হলো ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম। গ্রুপ ‘ডি’-এর হাইভোল্টেজ ম্যাচে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া এক ভুলে ম্যাচের শুরুতেই লিড পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে মার্কিন আক্রমণ প্রতিহত করতে গিয়ে অসাবধানতাবশত নিজেদের জালেই বল জড়িয়ে দেন এইপ্যারাগুইয়ান তারকা। এটিই চলতি আসরের প্রথম আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছে।

শনিবার (১৩ জুন) ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর থেকেই দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। খেলার ৭ম মিনিটে সিক্স-ইয়ার্ড বক্সের প্রান্ত থেকে একটি নিখুঁত কাটব্যাক করার চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি। ঠিক সেই মুহূর্তে গোললাইনের সামনে পাহারায় থাকা বোবাদিয়া বলটি ক্লিয়ার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে নিজেদের জালে পাঠিয়ে দেন। প্যারাগুইয়ান মিডফিল্ডারের এ ভুলে পাওয়া গোলটি মুহূর্তেই মার্কিন শিবিরে বয়ে আনে বাঁধভাঙা উল্লাস।

বোবাদিয়ার ভুলটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ৭ মিনিটের গোলটি মার্কিন ফুটবল ইতিহাসে তৃতীয় দ্রুততম বিশ্বকাপ গোল হিসেবে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে চলতি ২০২৬ বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এটিই দ্রুততম গোলের রেকর্ড।

বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোল করার ইতিহাস বেশ পুরোনো। বোবাদিয়ার গোলটি ছিল বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিপক্ষের করা চতুর্থ আত্মঘাতী গোল। এ ধরনের সৌভাগ্যের তালিকায় অবশ্য ফুটবল বিশ্বে সবার উপরে অবস্থান করছে ফ্রান্স। ফরাসিদের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল উপহার দিয়েছে।

/এমএকে/