শিরোনাম

আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, স্বস্তিতে স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, স্বস্তিতে স্কালোনি
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে বড় ধরনের স্বস্তি ফিরল আর্জেন্টিনা শিবিরে। আঙুলের চোট কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। তার ঠিক আগেই এ তারকা গোলরক্ষকের দুই হাতে গ্লাভস পরে পুর্ণাঙ্গ অনুশীলনে ফেরা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনাকে অনেকটাই সহজ করে দিল।

এর আগে, ২০ মে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচের ওয়ার্ম-আপের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচারের শিকার হন ৩৩ বছর বয়সী এ অ্যাস্টন ভিলা তারকা। চোট নিয়েই অবশ্য সেদিন দলের হয়ে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতেছিলেন তিনি। এরপর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। শুরুর দিকে এক হাতে গ্লাভস ও অন্য হাতে স্প্লিন্ট পরে হালকা অনুশীলন চালিয়ে গেলেও, বৃহস্পতিবার (১১ জুন) সব জড়তা কাটিয়ে চোটাক্রান্ত হাতেও গ্লাভস গলিয়ে পূর্ণাঙ্গ সেশন শেষ করেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

আঙুলের চোটের কারণেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি আর্জেন্টিনার এ বাজপাখির। তবে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাকে শুরুর একাদশে দেখা যাবে বলে শতভাগ নিশ্চিত করেছে দলের মেডিকেল টিম। সদ্য সমাপ্ত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় পার করেছেন মার্তিনেজ। তার অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করেই ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করার পাশাপাশি ইউরোপা লিগের মৌসুমসেরা দলেও জায়গা করে নিয়েছে ভিলা। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক এবার আরও একটি বৈশ্বিক মঞ্চে আর্জেন্টিনার রক্ষণদুর্গ সামলাতে পুরোপুরি প্রস্তুত।

/এমএকে/