শিরোনাম

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল
নেইমার জুনিয়র। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

২০২৬ বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে মাঠে নামা হচ্ছেনা দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শনিবার (১৩ জুন) রাত ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে মাঠে নামতে হচ্ছে তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই।

সাম্প্রতিক বৈশ্বিক আসরগুলোতে চেনা ছন্দ দেখাতে না পারলেও কোচ আনচেলত্তির বর্তমান স্কোয়াড ঘিরে এবার নতুন স্বপ্ন বুনছেন সেলেসাও সমর্থকরা। তবে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে রাঙানোর মিশনের শুরুতেই চোটের চোরাবালিতে পড়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার। ক্লাব সান্তোসের পক্ষ থেকে শুরুতে কাফ মাসলে সামান্য ফোলাভাবের কথা জানানো হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর ছিঁড়ে যাওয়ার কথা বলা হয়। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এ তারকা যুক্তরাষ্ট্রে দলের সাথে থাকলেও এখনও বুট পায়ে পুরোদমে অনুশীলনে নামতে পারেননি। বেশিরভাগ সময় জিমে বা ফিজিওথেরাপিতে কাটানো নেইমার সতীর্থদের সাথে কেবল রানিং শু পরে হালকা দৌড়ঝাঁপ করেছেন।

এদিকে প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা সত্যি করে কোচ আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, এ তারকাকে আজ সাইডবেঞ্চেই কাটাতে হবে। এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড বলেন, নেইমার দ্রুত সুস্থ হতে কঠোর পরিশ্রম করছেন এবং আগামী সপ্তাহে তিনি দলীয় অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্কোয়াডে তার গুরুত্ব ব্যাখ্যা করে কোচ জানান, শুধু মাঠের ফুটবল প্রতিভার জন্যই নয়, বরং নেইমারের বিপুল অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা ও উদাহরণ হিসেবে কাজ করবে। ফলে আজ মাঠের লড়াইয়ে সরাসরি অংশ নিতে না পারলেও ড্রেসিংরুম ও ডাগআউটে বসেই দলের তরুণ তুর্কিদের সাহস জোগাবেন তিনি।

/এমএকে/