শিরোনাম

নেদারল্যান্ডসকে হারিয়ে সাতে সাত জ্যোতিদের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নেদারল্যান্ডসকে হারিয়ে সাতে সাত জ্যোতিদের
বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি: বিসিবি)

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ফলে রবিবার (১ ফেব্রুয়ারি) বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। মুলপানিতে ডাচদের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে টানা সপ্তম জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করলো বাংলাদেশ। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা সাত জয়ে অপরাজিত থাকলো লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল হাতে রেখে জেতে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের মেয়েদের শুরুতেই চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। নাহিদা আক্তার, মারুফা ও স্বর্ণা আক্তারদের বোলিং তোপে মাত্র ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ডাচরা। সেখান থেকে রবিন রিজকের ৪৫ বলে ৩৯ রান ও সানিয়া খুরানার ৩৭ বলে অপরাজিত ৪৩ রানে লড়াইয়ের পুঁজি পায় তারা।

বল হাতে ১০ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া মারুফা, রাবেয়া ও স্বর্ণা একটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়ায় মাত্র ৬ রান তুলতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০)। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ১৩ রানের বেশি করতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে অবিচ্ছেদ্য ৫৭ রানের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। ৪৪ বলে ৭ চারে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন জ্যোতি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ২৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মোস্তারি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার।

ম্যাচসেরা হয়েছেন ১০ রান দিয়ে ৩ উইকেট পাওয়া নাহিদা আক্তার।

/টিই/