শিরোনাম

ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত, তবুও নিরাপত্তা বাড়ালো শ্রীলঙ্কা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত, তবুও নিরাপত্তা বাড়ালো শ্রীলঙ্কা
ভারত-পাকিস্তান ম্যাচ (ছবি: সংগৃহীত)

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এমনও গুঞ্জন আছে, পাকিস্তান বিশ্বকাপে খেললেও বয়কট করতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটির আয়োজক শ্রীলঙ্কা। এখনো নিশ্চিত না হলেও আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচে নিরাপত্তা জোরদার করতে এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের অন্য ম্যাচগুলো ঘিরেও এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। তবে ভারত ও পাকিস্তানের ম্যাচের ওপর আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন সংবাদমাধ্যমে।

এবারের বিশ্বকাপে সহ–আয়োজক ভারত। শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে ‘এ’ গ্রুপ থেকে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার (২৮ জানুয়ারি) রাতে এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠে প্রভাব ফেলেছে। রাজনৈতিক বিরোধের কারণে পাকিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়।

/টিই/