শিরোনাম

১৫ বলে ফিফটি সোহানের তবু হারলো দল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৫ বলে ফিফটি সোহানের তবু হারলো দল
দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান।

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। মঙ্গলবার (২ জুন) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করে পারভেজ হোসেন ইমনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার প্রয়োজন ছিল রূপগঞ্জের। এর আগে তাওহীদ হৃদয়ের পঞ্চম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৯ রান তোলে মোহামেডান।

লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদের প্রথম ওভারে এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মেরে শুরু করেন সোহান। পরের ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান তুলে নেন। মাত্র ১৩ বলেই ৪৬ রানে পৌঁছে যান সোহান। তখনই দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙার সম্ভাবনা জেগেছিল। যদিও নতুন রেকর্ড গড়া হয়নি, তবে অষ্টম ওভারে তাইজুল ইসলামের বলে বাইরের কানায় লেগে বল সীমানা পেরোতেই ১৫ বলে ফিফটি পূর্ণ হয়।

শেষ পর্যন্ত ১১তম ওভারে তাইবুর রহমানের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ২৭ বলে ৫৯ রান করেছেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।

তবে সোহানের দ্রুততম ফিফটির পরও ম্যাচ হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ২৩২ রানে অলআউট হয় তারা। মোহামেডান ম্যাচ জিতেছে ১০৭ রানে।

/টিই/