শিরোনাম

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

সিটিজেন স্পোর্টস ডেস্ক
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
হাইকোর্ট ও বিবিসি। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিসিবির নির্বাচনে আর কোনো বাধা নেই।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন।

এই আদেশের ফলে আগামী ৭ জুন বিসিবি নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

জানা গেছে, সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে গত ৬ মে ‘কাউন্সিলরের’ নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর চিঠি পাঠান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে ৬ জন ব্যক্তি রিট দায়ের করেন। তারা হলেন– আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ এবং মো. রাকিবুল ইসলাম।

রিটে বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫-২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে তারা মনোনীত বা নিযুক্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

/জেএইচ/