শিরোনাম

প্রতিশোধ ছাড়া কোনও বিকল্প নেই ইরানের: বিশ্লেষক

সিটিজেন ডেস্ক
প্রতিশোধ ছাড়া কোনও বিকল্প নেই ইরানের: বিশ্লেষক
ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ। ছবি: জুমা প্রেস

তেহরানের বর্তমান সামরিক উত্তেজনা সীমিত পরিসরে থাকলেও তা যেকোনো মুহূর্তে একটি বড় ও দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক বিশ্লেষক আব্বাস আসলামি। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের এ সিনিয়র রিসার্চ ফেলো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান মনে করছে যে পাল্টা আঘাত করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প পথ খোলা নেই।

আসলামির মতে, ইরান যদি এ মুহূর্তে কোনো প্রতিক্রিয়া না দেখায়, তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল বিষয়টিকে তেহরানের দুর্বলতার লক্ষণ হিসেবে ধরে নেবে। এর ফলে তারা ইরানে ক্রমাগত হামলা চালিয়ে যাওয়ার একটি সবুজ সংকেত পেয়ে যাবে বলে মনে করছে দেশটির নীতিনির্ধারকরা।

যদিও পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা এখনো সচল রয়েছে, তবে ওয়াশিংটন এ আলোচনাকে ব্যবহার করে তেহরানের কাছ থেকে বাড়তি ছাড় আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে চাইছে বলে উল্লেখ করেন এ বিশ্লেষক।

সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ গবেষক জানান, ইরানের অভ্যন্তরীণ মহলে খুব শিগগিরই কোনো স্থায়ী শান্তি চুক্তি হওয়ার বিষয়ে তীব্র সংশয় রয়েছে। সেখানে আশাবাদী হওয়ার মতো তেমন কোনো উপাদান নেই। উল্টো অনেকের ধারণা, বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণ কিংবা ইরানের বিরুদ্ধে উত্তেজনা ও আক্রমণাত্মক পরিবেশ জিইয়ে রাখতেই মার্কিন পক্ষ থেকে এ ধরনের নেতিবাচক কৌশল ছড়ানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/