শিরোনাম

বিশ্বকাপের সময় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন লিটন-শান্তরা

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের সময় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন লিটন-শান্তরা
বাংলাদেশের ক্রিকেটাররা (ছবি: সংগৃহীত)

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটাররাদের আপাতত খেলা নেই। এই সময়ে তাদের খেলার মধ্যে রাখতে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।

টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে। যেখানে ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।

টুর্নামেন্টে খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে মোট খরচ ২ কোটি ৫০ লাখ টাকা। কোচিং বিভাগেও আছেন তারকা সব কোচরা। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল।

দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ হিসেবে আছেন রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো দেশে চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি।

টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের ১০০০ টাকা।

/টিই/