শিরোনাম

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড় সংবাদদাতা
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম
পথসভায় বক্তব্য রাখছেন সারজিস আলম

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণভোটকে অবৈধ বলেছেন। আমার প্রশ্ন হলো– যেই আদেশের বলে একই সঙ্গে গণভোট হলো এবং নির্বাচন হলো, সেই আদেশের নির্বাচন বৈধ হয়, তাহলে গণভোট কীভাবে অবৈধ হয়? ’

তিনি বলেন, ‘এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এসেছে, এক যমজ সন্তান বৈধ আরেকটা অবৈধ– এটা তো কোনোদিন হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে আপনি সালাউদ্দিন আহমেদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। বিএনপি সরকার অবৈধ সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘বিএনপিকে ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছে আর দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। গণভোট সাংবিধানিক নাকি অসাংবিধানিক– এই সংবিধানের খেলা দেখা আসবেন না। ১৭ বছর এই খেলা দেখাতে গিয়ে একজনও সাহস করে দেশে আসতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘একটা দেশের প্রয়োজনে সংবিধান হয়, দেশের প্রয়োজনে সংবিধান হয়। জনগণ ও দেশের উপরে কখন সংবিধান হতে পারে না। যখন ৭০ শতাংশ মানুষ যখন সংবিধান সংস্কারের পক্ষে ভোট দেয়, তখন এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারও থাকা উচিত নয়।’

পথসভায় সারজিস আলম রাশেদ খান, জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি ‘গুজব মেশিন’ এবং ‘প্রোপাগান্ডাবাজ’ হিসেবে আখ্যায়িত করেন।

সারজিস আলম বলেন, ‘যাদের আমরা একসময় সংস্কারের পক্ষে কথা বলতে দেখেছি, আন্দোলনে দেখেছি, তারা আজ একটা প্রতিমন্ত্রীর লোভে বিবেক বিক্রি করে দিয়েছে। জোনায়েদ সাকি, যার মুখে প্রথম সংস্কারের কথা শুনেছি, তিনি একটা প্রতিমন্ত্রীর লোভে সংসদে গিয়ে এমন হারিয়ে গেছেন যে টর্চলাইট, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন এসেছে যে রাশেদ খাঁনের মতো একটা মিথ্যা প্রোপাগান্ডাবাজকে তিনি সহকারী বানিয়েছেন।’

/এফআর/