শিরোনাম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সরকার কর্তৃক সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারী মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে সরাসরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে খাদ্যপণ্যসহ সব ধরনের দ্রব্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে। ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে। যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। একইসঙ্গে কৃষি খাতেও এর বিরূপ প্রভাব পড়বে। সেচ, পরিবহণ ও কৃষি উপকরণের খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে। যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি ।

/এসবি/