শিরোনাম

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ কথা বলেন তিনি।

পোষ্টে আসিফ মাহমুদ লিখেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে, প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।

এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানের আওতায় মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি প্রক্রিয়া, বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটা এবং এসব কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সরকারি অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হয়েছে কি না, তাও যাচাই করবে অনুসন্ধান টিম।

দুদক কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো–বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ এবং মানিলন্ডারিং বা বিদেশে অর্থপাচার। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেআইনিভাবে বিটকয়েন লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগও করা হয়েছে।

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।

তবে দুদকের অনুসন্ধান শুরু হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা, আর্থিক অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

/এসবি/