শিরোনাম

দুর্নীতির আলামত দেখলেই কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
দুর্নীতির আলামত দেখলেই কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর হেলাল
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‎দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যেখানেই দুর্নীতির আলামত দেখতে পাবো বা প্রমাণ পাবো আমরা কঠিন ব্যবস্থা নেব। সকলে সমন্বিতভাবে কাজ করে এই অঞ্চলটাকে অন্যতম সমৃদ্ধ এবং সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ‎রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্য অঞ্চলের পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে এলাউ করা হবে না। পরিবেশকে অক্ষত রেখে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।

‎আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের আদর্শিক নেতা ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সরকারবিরোধীদের যৌক্তিক সমালোচনা করার পথ খুলে দিয়েছিলেন এবং আমি মনে করি, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তারা সমালোচনা করবে আমরা তার জবাব দেব।

‎সাংবাদিকদের ব্রিফ করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা।

/এসআর/