শিরোনাম

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়লো ৫৪৮২ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়লো ৫৪৮২ টাকা
স্বর্ণালঙ্কার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।

​বৃহস্পতিবার (৩ সে‌প্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এর আগে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা এবং ​২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৫ হাজার ১৩২ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ২০৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

/জেএইচ/