শিরোনাম

নির্বাচনী কৌশলে নতুন সমীকরণ, একক প্রার্থী চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী কৌশলে নতুন সমীকরণ, একক প্রার্থী চায় বিএনপি
বিএনপির দলীয় পতাকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে কার্যক্রম শুরু করেছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনে অভ্যন্তরীণ বিভক্তি এড়াতে সম্ভাব্য ক্ষেত্রে ‘একক প্রার্থী’ নিশ্চিত করার কৌশল নিয়েছে দলটি। এ লক্ষ্যে দেশজুড়ে মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন শেষে জাতীয় কাউন্সিলের প্রস্তুতিও শুরু করতে চায় বিএনপি। তার আগে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে সক্রিয় ও গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে দায়িত্বশীল নেতাদের দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব গঠনের কাজও শুরু হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া স্থানীয় নির্বাচন কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন। তাই নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা দূর করার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্যও দলকে সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) রাতে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন তারেক রহমান। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যেন একাধিক প্রার্থী মাঠে না নামেন এবং দলীয় সমর্থন একটি প্রার্থীর পক্ষেই থাকে, সে বিষয়ে নেতাদের সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, পুনর্গঠন প্রক্রিয়ায় বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলে সক্রিয়, তরুণ ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় এবং মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক ব্যবহার করবে না। তবে স্থানীয়ভাবে ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থী নির্ধারণ করা গেলে দল তার পক্ষেই অবস্থান নেবে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে দলের চেয়ারম্যান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণের কথা বলা হয়েছে এবং কেন্দ্র থেকে অযাচিত হস্তক্ষেপ না করে স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

/এসবি/