শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সপরিবারে প্রথমবারের মতো তার ওমরাহ করতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় এখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে।

প্রধানমন্ত্রীর ওমরা সফর নিয়ে গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনা হয়েছিল। কিন্তু তখন লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরে আসেন। তার এই সফরে সঙ্গে যাওয়ার কথা ছিল স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তারেক রহমান। সেসময় তার সঙ্গে সেখানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেন।

/টিই/