শিরোনাম

ট্রাইব্যুনালে সিসিটিভির ভিডিও গায়েবে হার্ডড্রাইভ বদলের প্রমাণ

নিজস্ব প্রতিবেদক
ট্রাইব্যুনালে সিসিটিভির ভিডিও গায়েবে হার্ডড্রাইভ বদলের প্রমাণ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসিটিভি ক্যামেরার গুরুত্বপূর্ণ ভিডিও গায়েব হওয়ার ঘটনায় হার্ডড্রাইভ বদলের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তবে প্রযুক্তি ব্যবহার করেও হারিয়ে যাওয়া ভিডিও উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, সিসিটিভি সংরক্ষণে ব্যবহৃত হার্ডড্রাইভগুলোতে পুরনো ও নতুন ড্রাইভ প্রতিস্থাপন করা হয়েছে। সিসলগ ও রেজিস্ট্রার খাতাতেও এর ইঙ্গিত পাওয়া গেছে।

ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। এ বিষয়ে ট্রাইব্যুনালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করা হয়েছে বলে জানান জোহা। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কমিটি পরবর্তী ব্যবস্থা ও সুপারিশ দেবে।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৩ অক্টোবরের একটি সিসিটিভি ফুটেজ ঘিরে। ওই দিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে এক ব্যক্তির টাকার ব্যাগ নিয়ে প্রবেশের অভিযোগ ওঠে। বিষয়টি যাচাই করতে প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা ভিডিও সংগ্রহ করতে গেলে দেখা যায়, নির্দিষ্ট দিনের ফুটেজ হার্ডড্রাইভে নেই।

হার্ডড্রাইভ বদলের ঘটনাটি গত বছরের হলেও সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি জোহা। এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, সে সম্পর্কেও তার কাছে তথ্য নেই।

এদিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাকারদের শনাক্ত করতে পারলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত ২৪ মার্চ শাহবাগ থানায় করা এক জিডিতে উল্লেখ করা হয়, ১৮ মার্চ বিচারপতির ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট আইপি ঠিকানা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন তানভীর জোহা।

/এসএ/