শিরোনাম

ধানমন্ডি লেক বাণিজ্যিক এলাকা হবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডি লেক বাণিজ্যিক এলাকা হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, এটি কোনো বাণিজ্যিক এলাকা নয়; বরং নগরবাসীর জন্য উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণই এখানে প্রধান লক্ষ্য।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরে খোলা জায়গা ও স্বস্তির পরিবেশের অভাব রয়েছে। তাই ধানমন্ডি লেককে সংরক্ষণ করা জরুরি। এ কাজে ইজারাদার, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

লেক এলাকায় অতিরিক্ত রেস্টুরেন্ট স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখানে এসে এত রেস্টুরেন্ট দেখে আমি বিস্মিত হয়েছি। পুরো এলাকা যেন রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, লেক এলাকায় সীমিত আকারে কিছু সুযোগ-সুবিধা রাখা যেতে পারে, তবে সেটি যেন প্রকৃতির ক্ষতি না করে।

ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠনের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। এই কমিটিতে স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা থাকবেন। তাদের সুপারিশের ভিত্তিতে লেকের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ছাড়া লেকের পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।“শুধু পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে এটি সম্ভব হবে না।

লেকে সকাল-বিকেলে মানুষের হাঁটার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সময়ও যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় ডিএসসিসি প্রশাসকের সঙ্গে স্থপতি ইকবাল হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসএ/