শিরোনাম

৬ রুটের ফ্লাইট বৃহস্পতিবার পর্যন্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক
৬ রুটের ফ্লাইট বৃহস্পতিবার পর্যন্ত বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ও পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলমান যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি ওলটপালট হয়ে গেছে। যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও।

চলমান যুদ্ধপরিস্থিতির প্রভাবে শাহজালালে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। ফলে গত কয়েক দিনে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ ছিল মধ্যপ্রাচ্যগামী।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথে বিদ্যমান উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

/জেএইচ/