শিরোনাম

একটানা কতক্ষণ এসি চালানো নিরাপদ

সিটিজেন ডেস্ক
একটানা কতক্ষণ এসি চালানো নিরাপদ
এয়ারকন্ডিশন (এসি)।

গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে অনেকেই দিনের বড় একটি সময় এয়ারকন্ডিশন (এসি) চালিয়ে রাখেন। বিশেষ করে রাতভর বা দীর্ঘ সময় ধরে এসি ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় একটানা এসি চালালে যন্ত্রটির ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

অনেকেরই অভ্যাস, অল্প সময়ের জন্য বাসার বাইরে গেলেও এসি বন্ধ না করা। এতে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি যন্ত্রের কার্যক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের মতো এসিকেও নির্দিষ্ট সময় পর কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন বলে মত প্রযুক্তিবিদদের।

বিশেষজ্ঞদের মতে, এসি কতক্ষণ টানা চালানো যাবে তা মূলত নির্ভর করে ঘরের আয়তন, তাপমাত্রা এবং ব্যবহৃত এসির সক্ষমতার ওপর।

ছোট আকারের কক্ষে ব্যবহৃত ১ টন ক্ষমতার এসি সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত একটানা চালানো নিরাপদ বলে ধরা হয়। অন্যদিকে বড় কক্ষে ব্যবহৃত ১.৫ বা ২ টন ক্ষমতার এসি প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত চালানো যেতে পারে, যদি যন্ত্রটি ভালো অবস্থায় থাকে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়।

দীর্ঘ সময় বিরতিহীনভাবে এসি চালালে এর বিভিন্ন যান্ত্রিক অংশ অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে কয়েক ধরনের সমস্যা দেখা দিতে পারে-

  • কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং এটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
  • শীতল করার সক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।
  • বৈদ্যুতিক ত্রুটি, শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে।

এসি দীর্ঘদিন ভালো রাখতে এবং ঝুঁকি কমাতে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • নির্দিষ্ট সময় পরপর এসি বন্ধ রেখে কিছুটা বিশ্রাম দিন।
  • নিয়মিত সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন।
  • ফিল্টার পরিষ্কার রাখুন, যাতে বাতাস চলাচলে বাধা না পড়ে।
  • দীর্ঘ সময় ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মতো খুব কম তাপমাত্রায় এসি চালানো এড়িয়ে চলুন।
  • বাসা থেকে বের হওয়ার সময় এসি বন্ধ করুন।

বিশেষজ্ঞদের মতে, সচেতন ও সঠিক ব্যবহারের মাধ্যমে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে কমে আসে যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার আশঙ্কাও।

/এসবি/