শিরোনাম

‘ওয়াটার ক্যানন স্যালুটে’ বাংলাদেশ বিমানকে স্বাগত জানালো পাকিস্তান

‘ওয়াটার ক্যানন স্যালুটে’ বাংলাদেশ বিমানকে স্বাগত জানালো পাকিস্তান
বাংলাদেশের বিমানকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটে স্বাগত জানায় পাকিস্তান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের আকাশে আবারও দেখা গেল বাংলাদেশের বিমান। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘বিইজি ৩৪১’ ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটকে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানায় পাকিস্তানের বিমান সংস্থা (পিআইএ)।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়া দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ বিষয়ে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই ফ্লাইটের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানের ‘বিইজি ৩৪১’ ফ্লাইটটি বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, উদ্বোধনী এই ফ্লাইটটি ‘পূর্ণ আসন’ নিয়ে ঢাকা ত্যাগ করে।

উদ্বোধনী এই ফ্লাইটে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/জেএইচ/