শিরোনাম

বাবাকে মেরে ফেলার চেষ্টা চলছে: সাক্ষাৎকারে ইমরান খানের ২ ছেলে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাবাকে মেরে ফেলার চেষ্টা চলছে: সাক্ষাৎকারে ইমরান খানের ২ ছেলে
সাবেক ইংরেজ ক্রিকেটার মাইকেল আথার্টনের কাছে সাক্ষাৎকার দিচ্ছে ইমরান খানের ছেলেরা

ইংল্যান্ডের লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠের ক্রিকেটের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের রাজনীতিও। ম্যাচের মধ্যাহ্নবিরতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস।

সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল আথারটনের নেওয়া ওই সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন ইমরানের দুই ছেলে। তাদের দাবি, কারাগারে তাদের বাবাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

সাক্ষাৎকারটি প্রচারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি এ নিয়ে দলকে মাঠ থেকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিসিবির আপত্তি সত্ত্বেও স্কাই স্পোর্টস সাক্ষাৎকারটি প্রচার করে। পরে এ বিষয়ে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি।

সাক্ষাৎকার প্রচারের পর বিরতি শেষে পাকিস্তান দল মাঠে নামতে অস্বীকৃতি জানায় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্যস্থতায় পাকিস্তান দল আবার মাঠে নামে।

‘জেলে বাবাকে হত্যার চেষ্টা চলছে’

সাক্ষাৎকারে ইমরান খানের ছেলে কাসিম খান অভিযোগ করেন, তার বাবাকে কারাগারে এমনভাবে রাখা হয়েছে, যা তার জীবন ও শারীরিক অবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, পাকিস্তান সরকার এখন আর কোনো নিয়ম বা কৌশলের তোয়াক্কা করছে না। তার ভাষ্য, কারাগারের ভেতরেই তার বাবাকে চুপ করিয়ে রাখার চেষ্টা চলছে।

কাসিমের দাবি, সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান কারাগারের পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হওয়ার কথা জানিয়েছেন। অতীতে রাজনৈতিক বন্দিদের যেভাবে কারাগারে মারা যেতে হয়েছে, নিজের বর্তমান অবস্থাকেও সেই পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন ইমরান এমন দাবি করেন তার ছেলে।

কাসিম আরও জানান, বর্তমানে ইমরান খান দিনের ২৩ ঘণ্টার বেশি সময় একটি ছোট সেলে একা ও বিচ্ছিন্ন অবস্থায় থাকছেন।

বাবার শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কাসিমের ভাষ্য, ইমরানের চোখে পট্টি লাগানো ছিল এবং তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল।

হাসপাতালে নেওয়া হয়নি, দাবি ছেলের

ইমরানের আরেক ছেলে সুলাইমান খান দাবি করেন, তার বাবাকে ‘শাফা’ নামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।

তার অভিযোগ, ইমরান খানকে একটি সরকারি ক্লিনিকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রায় এক ঘণ্টা পর আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সুলাইমানের দাবি, চিকিৎসক ও তার ফুফু যিনি নিজেও একজন চিকিৎসক, দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ভিসা নিয়েও অভিযোগ

দুই ভাইয়ের আরও অভিযোগ, ‘যান্ত্রিক ত্রুটি’র কারণ দেখিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাদের ভিসা দিচ্ছে না। ফলে বাবার সঙ্গে দেখা করা কিংবা তার বর্তমান পরিস্থিতি সরাসরি জানার সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তৎকালীন স্ত্রী বুশরা বিবির সঙ্গে তার বিয়ের সময়সংক্রান্ত একটি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দুর্নীতিসহ আরও কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ডের সাজাও রয়েছে।

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন বিশ্বের কয়েকজন সাবেক ক্রিকেট অধিনায়ক।

সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনসহ আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক অধিনায়ক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তারা ইমরান খানের প্রতি মানবিক আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

/এমআর/