শিরোনাম

সত্যিই কি ইউরোপীয় মেয়েকে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সত্যিই কি ইউরোপীয় মেয়েকে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো
দুই বোনের সঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো বিয়ে করছেন। সম্প্রতি এ গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এরইমধ্যে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। হবু স্ত্রী একজন ইউরোপীয়। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

বিলাওয়াল ভুট্টো বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিলাওয়ালের কথিত বাগদত্তা পশ্চিম ইউরোপের দেশ লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা।

আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লিশটেনস্টাইনে গিয়েছিলেন এবং সেখানে ছেলের বিয়ের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন। চলতি বছরের শেষের দিকে বিলাওয়ালের বিয়ে হতে পারে।

তবে বিয়ে বা বাগদানের এই খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে পিপিপি। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পিপিপি চেয়ারম্যানের বাগদান বা বিয়ে নিয়ে প্রচারিত খবর ‘ভুল ও ভিত্তিহীন’।

এখন পর্যন্ত বিলাওয়াল ভুট্টো জারদারি কিংবা তার পরিবারের পক্ষ থেকেও বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

বিলাওয়াল এর আগে বিভিন্ন সময়ে তার বিয়ে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময় এক সাংবাদিক তার বিয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

এরও আগে ২০১৬ সালে ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে কথা বলতে গিয়ে বিলাওয়াল বলেছিলেন, তার সম্ভাব্য স্ত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে।

সূত্র: জিও টিভি

/এফসি/