শিরোনাম

এনপিটি সম্মেলনে ইরানকে সহ-সভাপতি করায় ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
এনপিটি সম্মেলনে ইরানকে সহ-সভাপতি করায় ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত একটি বৈঠকে বক্তব্য দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: এএফপি

জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্রকে তীব্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

ওয়াশিংটন ইরানের এই নির্বাচনে অসন্তোষ প্রকাশ করে বলেছে, এটি এনপিটি চুক্তির মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং পুরো প্রক্রিয়াটিকে ‘উপহাসে’ পরিণত করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করছে না। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গেও তেহরান পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না বলেও দাবি তাদের।

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছে ইরান। তেহরানের বক্তব্য, পারমাণবিক চুক্তি বা আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করার নৈতিক ভিত্তি নেই।

ইরানের কর্মকর্তারা যুক্তি তুলে ধরে বলেন, ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তাই এ বিষয়ে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ।

এই ঘটনাকে ঘিরে জাতিসংঘের চলমান সম্মেলনে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/এমআর/