শিরোনাম

বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। ছবি: সংগৃহীত

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার পরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বেলা ১১টার দিকে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। এরপর বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিপাত হয়।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে, গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়ক পর্যন্ত।

দুপুর ১টার দিকে বদনা শাহ মাজার সংলগ্ন এলাকায় কোমর থেকে বুক সমান পানি জমে যায়। ওই সড়কে তীব্র ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করতে দেখা গেছে।

চট্টগ্রাম
চট্টগ্রাম

প্রবর্তক মোড়ের অদূরে হিজড়া খালের পাঁচলাইশ অংশে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে খালের ভেতর মাটি দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে।

এছাড়া মুরাদপুর এন মোহাম্মদ অংশে খালের পানি উপচে মূল সড়কের ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এর ফলে ওই সড়কে যানবাহনের ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরীর বহদ্দারহাট, তিন পোলের মাথা, জামালখানের প্রচ্ছদ গলি ও রহমতগঞ্জ এলাকায়ও পানি জমে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, কোথায় কী সমস্যা আছে, সেটা আমরা দেখছি।

বেলা আড়াইটার দিকে প্রবর্তক মোড় ও চমেক এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, যেখানে সমস্যা আছে, সেটা আমি দেখতে সরেজমিন এখানে এসেছি। ইতোমধ্যে বহদ্দারহাট, মুরাদপুর, গোসাইলডাঙা, সিডিএ, আগ্রাবাদ, চকবাজার, ফুলতলি ঘুরে এসেছি। আমি মনিটরিং এর মধ্যে আছি।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল ৬ মিলিমিটার।

এদিকে দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/এসআর/