শিরোনাম

মধ্যপ্রাচ্য সংকটে সৌদির পাশে থাকবে বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্য সংকটে সৌদির পাশে থাকবে বাংলাদেশ
বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম আল খুরেইজির সঙ্গে বৈঠকে এ সংহতি প্রকাশ করেন।

বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন। তিনি জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে।

আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতে নতুন সহযোগিতার সুযোগ খুঁজে বের করে সম্পর্ককে আরও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন উপদেষ্টা।

এ সময় তিনি সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেন।

জবাবে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি ঢাকার অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

/এমআর/