প্রেমের প্রতি একধরনের অনীহা ছিল: নাবিলা ইসলাম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রেমের প্রতি একধরনের অনীহা ছিল: নাবিলা ইসলাম
নাবিলা ইসলাম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। টিভি নাটকে দেড় যুগ পার করেছেন এই অভিনেত্রী। তারকাদের ক্যারিয়ারে প্রেম বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। তবে এগুলো থেকে অনেকটাই মুক্ত নাবিলা। দীর্ঘ অভিনয় জীবনে কোনো নায়ক বা প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বিবাহিত। প্রেমের প্রতি আমার একধরনের অনীহাও ছিল।’

অভিনেত্রী শুটিং সেটে বাড়তি আড্ডা কম দেন এবং কাজের বাইরে যোগাযোগও কম রাখেন। এজন্য অনেকে তাকে ঠিকমতো মূল্যায়ন করেননি বলে জানান নাবিলা। তবে এজন্য অবশ্য কাউকে দোষারোপ করেননি তিনি। এটা তার মেলামেশার ঘাটতি বলে মনে করেন তিনি।

নাবিলা আরও বলেন, ‘শুরু থেকেই কোনো নির্দিষ্ট নায়ক বা পরিচালকের গণ্ডিতে আটকে থাকিনি। ধীরে ধীরে সবার সঙ্গে কাজ করেছি। দলবেঁধে কাজ করার সংস্কৃতিতে আমি কখনো বিশ্বাসী নই। আমি মনে করি, যারা সিন্ডিকেটে বাঁধা পড়ে কাজ করেন, তারা অনেক দিন টিকে থাকতে পারেন না।’

তিনি কখনো শর্টকাটের পেছনে ছুটেননি। এটা ক্যারিয়ারে বেশিদূর এগিয়ে নিতে পারে না বলে তার বিশ্বাস। বিনোদন মিডিয়ার প্রসঙ্গ টেনে নাবিলা বলেন, ‘ওই সময় অনেকে ভাইরাল হয়ে, প্রচুর ভিউ পেয়ে হইচই ফেলে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর আর নাটকে তাদের দেখা যায় না। তাই আমি কখনোই শর্টকাটের পেছনে ছুটিনি। ১৮ বছর ধরে টানা কাজ করছি, এটাই আমার টিকে থাকার বড় প্রমাণ।’

তবে বর্তমান নাটকের গল্প আর মান নিয়ে বেশ ক্ষুব্ধ এই অভিনেত্রী। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এখনকার মূল ধারার নাটক শুধু নায়ক-নায়িকা, মানে দুই-আড়াইজন চরিত্রের মধ্যেই আটকে গেছে।’ তার মতে নাটকে প্রতিটি চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

উদাহরণ হিসাবে জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তখন পরীক্ষামূলক ও বৈচিত্র্যময় গল্পের নাটক হতো। সেই নাটকে যে স্বাচ্ছন্দ্য ও শিল্পের আনন্দ ছিল, এখনকার কাজে তা পাই না। বিশেষ করে গ্রামের গল্পের নাটকে একই ধরনের স্বামী-স্ত্রীর ঝগড়া আর কিছু নির্দিষ্ট নামের পুনরাবৃত্তি হচ্ছে। মনে হয়, যেন কেজি হিসাবে নাটক বানানো হচ্ছে।’

/জেএইচ/