শিরোনাম

ইরানের আশপাশে থাকবে মার্কিন সামরিক বাহিনী: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের আশপাশে থাকবে মার্কিন সামরিক বাহিনী: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে। চুক্তির শর্ত পুরোপুরি মানা না হলে আবারও হামলা শুরু হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান ও সামরিক সদস্য, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্র ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে। যতক্ষণ না প্রকৃত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়, ততক্ষণ।’

ট্রাম্প আরও বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়, যা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গুলি চালানো শুরু হবে। এটা হবে আগের যেকোনো সময়ের চেয়ে আরও বড়, আরও শক্তিশালী।’

এদিকে লেবাননে ইসরায়েল কর্তৃক এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়ে শত শত মানুষ হত্যা করার পর যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুধবার ইরান জানায়, লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া ‘অযৌক্তিক’ হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়েও দুই পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা গেছে। ট্রাম্প বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে। অন্যদিকে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্তানুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/