শিরোনাম

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মানুষের ঘরে ঘরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০ জেলায় সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট ভার্চুয়ালি উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। যার মধ্যে শুধুমাত্র নারীদের জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল হবে। বাকি ১৮ টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধাও থাকবে।

তিনি বলেন, প্রতিটি হাসপাতালে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও সংযুক্ত করা হবে। মানুষের ঘরে ঘরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্যকর্মী।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসবি/