শিরোনাম

শান্তিচুক্তি নিয়ে রুশ ও চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ইরানের বৈঠক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শান্তিচুক্তি নিয়ে রুশ ও চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ইরানের বৈঠক
রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।

ইরানে নিযুক্ত রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সাথে বিশেষ বৈঠক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। ওয়াশিংটনের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে আলজাজিরা জানায়, ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারক সংক্রান্ত অগ্রগতির বিষয়ে এ ত্রিপক্ষীয় বৈঠকে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। বৈঠক শেষে গরিবাবাদি জানান, ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে এ তিন দেশের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা নানা বক্তব্য দিলেও এর সুনির্দিষ্ট শর্তাবলি এখনও গোপন রাখা হয়েছে। তবে এ কূটনৈতিক প্রক্রিয়ায় বেইজিং ও মস্কোর সক্রিয় সমর্থন রয়েছে। গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলমান এ আলোচনাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, ক্রেমলিনের পক্ষ থেকেও মার্কিন সৈন্য ও সামরিক সরঞ্জামের অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করা হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিনদের সাথে এ সমঝোতা প্রক্রিয়ার সমান্তরালে নিজেদের অবস্থানে অনড় থাকার কড়া বার্তা দিয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/