সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পতাকা

বিদেশি সন্ত্রাসী সংগঠনে যুক্ত থাকা ও দেশের অভ্যন্তরে একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা একটি বিদেশি সন্ত্রাসী দলের হয়ে কাজ করতেন। পরবর্তীতে তারা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সৌদির নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তর এবং সরকারি যানবাহনে হামলা চালান। এ ছাড়া তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও তাজা গুলি সংরক্ষণ এবং অভ্যন্তরীণ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহায়তার অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বিচার বিভাগীয় আদালতের চূড়ান্ত রায় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই এ সাজা বাস্তবায়ন করা হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম-পরিচয়, তাদের জাতীয়তা এবং সাজা কার্যকরের নির্দিষ্ট স্থান বা সময় সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি।

মানবাধিকার সংস্থা রিপ্রিভ ও ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)-এর তথ্য মতে, ২০২৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৫৬ জনের মধ্যে ২৪০ জনই মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বড় একটি অংশ ১৮৮ জনই ছিলেন বিদেশি নাগরিক।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/