সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান: আরাঘচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি (ইনসেটে)

ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা সংঘাত অবসানে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে মধ্যস্থতা করতে এবং যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (১৭ অক্টোবর) এ কথা জানিয়েছেন।

ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে আরাঘচি বলেন, ১২ বছরের উত্তেজনা ও সংঘাত দেখিয়ে দিয়েছে ইয়েমেন সমস্যার কোনো সামরিক সমাধান বা উপায় নেই। তিনি জানান, ইরান সবসময়ই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং এ অঞ্চলে চলমান উত্তেজনা কমাতে প্রতিশ্রুতবদ্ধ। এর আগে ১১ অক্টোবর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপেও আরাঘচি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে আলোচনার পথ সুগম করতে ইরানের আগ্রহের কথা জানিয়েছিলেন।

মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এ প্রস্তাব এলো। একদিকে হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি আরব বিমান হামলা জোরদার করেছে, অন্যদিকে সৌদি আরবের অভ্যন্তরীণ বিমানবন্দর ও স্পর্শকাতর জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।

সূত্র: সিনহুয়া

/এমএকে/