৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে: আইজিপি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে: আইজিপি

সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূজাকে কেন্দ্র করে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে।

মো. আলী হোসেন ফকির বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই।’ সব অপশক্তি নির্মূল করে সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনই সবার লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে আইজিপি বলেন, ৫ আগস্টের পর পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম ছিল না। সে সময় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল এবং ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটেছিল। জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে পারবেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তারা বলেন, পুলিশ পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করায় নির্বিঘ্নে পূজা উদযাপন করা যাচ্ছে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

/এমআর/