শিরোনাম

ইরানে প্রায় দেড় লাখ বেসামরিক স্থাপনা বিধ্বস্ত

সিটিজেন ডেস্ক
ইরানে প্রায় দেড় লাখ বেসামরিক স্থাপনা বিধ্বস্ত
হামলায় বিধ্বস্ত ইরানের একটি ভবন। ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানজুড়ে অপূরণীয় ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ইরানি রেড ক্রিসেন্টের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে অন্তত ১ লাখ ৪০ হাজার আবাসিক ও বাণিজ্যিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশাল সংখ্যক স্থাপনার পাশাপাশি অন্তত ৩১৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস স্টেশন এবং ৭৬৩টি স্কুল হামলার শিকার হয়েছে। এ ছাড়া রেড ক্রিসেন্টের নিজস্ব ১৮টি কেন্দ্রেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রেড ক্রিসেন্টের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা এখন পর্যন্ত ৬৯৩টি তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ঘ্রাণগ্রাহী কুকুর ব্যবহার করা হচ্ছে, যা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মরদেহ এবং আহত ব্যক্তিদের খুঁজে বের করতে সহায়তা করছে।

তবে বিপুল ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সিএনএন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

এদিকে যুদ্ধের প্রভাব কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই; তেহরানের পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবন ও অবকাঠামো চরম হুমকির মুখে পড়েছে। ওদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিপুলসংখ্যক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: সিএনএন

/এমএকে/