শিরোনাম

লিটারে ১০ টাকা বাড়লো ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
লিটারে ১০ টাকা বাড়লো ভোজ্য তেলের দাম
ছবি: সিটিজেন জার্নাল

ঈদুল ফিতরের আগে থেকে শুরু হওয়া ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রবণতা এখন অব্যহত রয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে উত্তাপ ছড়াচ্ছে মাংস ও সবজি।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর মহাখালী কাঁচাবাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহেই খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি করা হয়েছে।

আব্দুর রহমান নামে এক ক্রেতা বলেন বলেন, আমার বাসায় বোতলের সয়াবিন তেল ব্যবহার করা হয়। কিন্তু দোকানে গেলে পাঁচ লিটারের নিচের বোতল পাওয়া যায় না। এ কারণে খোলা তেল কেনা শুরু করেছি। এখন খোলা তেলের দামও বাড়ছে।

রহিম শেখ নামে মহাখালী কাঁচাবাজারের এক বিক্রেতা বলেন, সপ্তাহের মধ্যে তেলের দাম প্রতি লিটারে প্রায় ১০ টাকা বেড়েছে। ঈদের আগের সপ্তাহে তেলের দাম লিটারে প্রায়১০ টাকা কম ছিল। খোলা পাম তেলের দামও লিটারে ১০ টাকা বেড়েছে। বাজারে খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৮৪-১৮৫ টাকায়।

এদিকে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা বেড়েছে বেশির ভাগ সবজির দাম। কোনোটির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি পটোল ৮০ থেকে ৮৫, ঢ্যাঁড়স ৭০-৭৫, করলা ১০০-১২০ এবং বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকা।

সবজি ব্যবসায়ীরা জানান, ট্রাকের ভাড়া আগের তুলনায় কয়েকগুন বেড়েছে। এ কারণে সবজির দর বাড়তি।

অন্যদিকে, বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায় । তবে কিছু কিছু বাজারে ৭৫০-৮০০ টাকাতেও মিলছে গরুর মাংস। তবে ঈদের আগে তা রাজধানীর বেশ কিছু বাজারে ৮৫০-৯০০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে।

এছাড়া, বাজারে বেড়েছে সোনালি জাতের মুরগির দাম । ঈদের আগে আগে প্রতি কেজি সোনালি মুরগি ৩৪০-৩৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকায়।

/এসবি