শিরোনাম

বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন তেল

সিটিজেন ডেস্ক
বিকল্প পথে দেশে আসছে আরও ১ লাখ টন তেল
সৌদি আরবের জ্বালানি তেল উৎপাদন প্রকল্প। ছবি: সংগৃহীত

ইরানে হামলার কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে জটিলতা এড়াতে এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ।

লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা করা হয়েছে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় তা বাংলাদেশে আসতে পারছে না।

যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তবে সংশ্লিষ্ট তেলবাহী জাহাজটি সেই তালিকায় নেই।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, আগামী ২০ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল জাহাজে তোলা হবে। পাশাপাশি ‘এমটি নরডিক পলুকস’ নামের আরেকটি জাহাজে থাকা আরও এক লাখ টন তেল বর্তমানে হরমুজ প্রণালিতে আটকা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে।

বিএসসি আশা করছে, এতে চলমান জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে।

সূত্র: বিবিসি বাংলা

/জেএইচ/