শিরোনাম

বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৮০০ লিটার ডিজেল

নোয়াখালী সংবাদদাতা
বাড়ির ছাদে পানির ট্যাংকে মিলল ৮০০ লিটার ডিজেল
ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যবসায়ীর বাড়ির ছাদে পানির ট্যাংকে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারের ব্যবসায়ী বশির আহমেদ ওরফে বশির সেরাং (৭০) অবৈধভাবে বাড়িতে ডিজেল মজুত করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান ও সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।

অভিযানকালে বাড়ির ছাদে পানির ট্যাংকের ভেতর থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় বশির সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত ডিজেল ভূঁইয়ারহাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত তেল ব্যবসায়ীদের কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

অভিযুক্ত বশির সেরাং দাবি করেন, তার একটি মাছ ধরার নৌকা রয়েছে। নৌকা চালানোর জন্যই তিনি এই তেল সংগ্রহ করেছিলেন। তবে নৌকা থেকে চুরি হয়ে যাওয়ার ভয়ে তিনি নিরাপদ মনে করে বাড়ির ছাদে পানির ট্যাংকের ভেতর তেল লুকিয়ে রাখেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান গণমাধ্যমকে জানান, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংরক্ষণের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কোনো বেআইনি কার্যক্রম সহ্য করা হবে না।’

এফআর