শিরোনাম

ইরানে স্থল অভিযান শুরু

সিটিজেন ডেস্ক
ইরানে স্থল অভিযান শুরু
ইরানে স্থল অভিযান শুরু করেছে ইরাকের কুর্দি যোদ্ধারা। ছবি: সংগৃহীত

ইরাক থেকে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, একাধিক সূত্রের দাবি অনুযায়ী ইরাক সীমান্ত পেরিয়ে কুর্দি যোদ্ধারা ইরানে প্রবেশ করেছে।

এদিকে জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্টে করা পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন, কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইরানে স্থল হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট কুর্দিদের কাজে লাগিয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল যুক্তরাষ্ট্র। যা এখন বাস্তবে রূপ নিয়েছে। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইরান সরকার বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

এর আগে কুর্দিদের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছিলেন, তারা তাদের কয়েক হাজার যোদ্ধাকে প্রস্তুত করে রেখেছেন। যারা যুক্তরাষ্ট্রকে স্থল হামলায় সহায়তা করবে। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা চেয়েছেন বলে এপিকে জানান ওই কুর্দী কর্মকর্তা।

কুর্দিরা মূলত ইরান সরকারবিরোধী। কুর্দি গোষ্ঠীগুলোর কাছে কয়েক হাজার প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে। বিশ্লেষকদের মতে, তারা যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কুর্দিদের দিয়ে ইরানের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালানো। যেন তারা দুর্বল হয়ে যায়। এরপর ইরানের সাধারণ মানুষকে সরকার পতনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানানো হবে।

খলিল নাদিরি নামে কুর্দিস্থান ফ্রিডম পার্টির এক নেতা বলেছেন, তাদের যোদ্ধারা ইরান সীমান্তবর্তী সুলাইমানিয়াহ প্রদেশে অবস্থান করছে এবং তারা প্রস্তুত আছে।

কুর্দিস্থান ইরাকের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে কুর্দিদের বসবাস। এছাড়া ইরানেও অনেক কুুর্দি রয়েছে। তারা মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন কুর্দি দেশ গঠন করতে চায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি

/জেএইচ/