শিরোনাম

শিশু নিপীড়ন: মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে নিয়ে গেল এফবিআই

সিটিজেন ডেস্ক
শিশু নিপীড়ন: মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে নিয়ে গেল এফবিআই
ছবি: সংগৃহীত

একাধিক দেশে শত শত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে বিচারের জন্য মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে মালয়েশিয়ার পত্রিকা সান জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই বাংলাদেশির নাম জোবায়দুল আমিন। গত ২ মার্চ তাকে মালয়েশিয়া থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এর দুদিন পর নেওয়া হয় আলাস্কায়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়– তিনজন এফবিআই এজেন্ট ওই বাংলাদেশিকে রানওয়ে দিয়ে একটি প্রাইভেট জেট বিমানের দিকে নিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্যাটেল লিখেছেন, এ তদন্তে এফবিআইয়ের অ্যাঙ্কোরেজ ফিল্ড অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আদালতের নথিতে দেখা যায়, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কায় একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবায়দুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শত শত অপ্রাপ্তবয়স্ককে নিপীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

অভিযোগ গঠনের সময় জোবায়দুল আমিন মালয়েশিয়ায় একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন।

আলাস্কায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির দপ্তর জানিয়েছে, এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ২০২২ সালের সেপ্টেম্বরে এ বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সহযোগিতা চায়। শিশুদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও তৈরির অভিযোগে ওই মাসেই মালয়েশিয়ায় ১৩টি পৃথক অভিযোগ দায়ের করা হয় জোবায়দুল আমিনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, শিশু নিপীড়নের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা কতটা কার্যকর হতে পারে, এই মামলা তার উদাহরণ।

মালয়েশিয়ার সান জানিয়েছে, আলাস্কায় পৌঁছানোর পর আমিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।

/এফসি/