শিরোনাম

গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করা না হলে তরুণরা রাস্তায় নামবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করা না হলে তরুণরা রাস্তায় নামবে: নাহিদ ইসলাম
‘এনসিপির যাত্রা’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চাই একটা স্থিতিশীলতা, নতুন সংসদে এগুলো (অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও সংস্কার) আলোচনা হবে। কিন্তু সেই জায়গাটা নির্ভর করবে, যারা সরকারে আছে, তাদের ওপর। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয়, তাহলে বারবার রাজপথে আন্দোলন-সংগ্রাম গড়াবে।’

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা ‘ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের ভালোর জন্য সবক্ষেত্রে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের তরুণরা রাস্তায় নামবে। তাই সরকারকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দেড় বছর পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এই সময়টা ঠিক করে দিয়েছে যে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বা কীভাবে যাচ্ছে; সামনের রাজনীতি বা লড়াইয়ের গতিপথটাই–বা কী রকম হতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা দলের জায়গা থেকে এ ধরনের বই প্রকাশের আরও উদ্যোগ নেব।’

জুলাই অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষভাবে গবেষণার তাগিদ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ও এনসিপি নিয়ে বাংলাদেশের চাইতে বিদেশি গবেষকদের আগ্রহ বেশি। জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। শিল্প-সাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়েই অভ্যুত্থান বেঁচে থাকবে।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘এনসিপিকে নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়। কিন্তু এনসিপি আসলে কী বলেছে, কী করেছে সেটি অবজ্ঞা করা হয়েছে। কিন্তু এনসিপির মূল বক্তব্য বিস্তারিত সেসব ‘‘এনসিপির যাত্রা’’ বইয়ে তুলে ধরা হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আরও বই লেখা উচিত। শিল্প-সাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়েই অভ্যুত্থান বেচে থাকবে। জুলাই নিয়ে নিরপেক্ষভাবে আরও গবেষণা প্রয়োজন।’

‘এনসিপির যাত্রা’ বইটির লেখক দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। জুলাই অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে এনসিপির এক বছরের পথচলার নানা চড়াই-উতরাইয়ের ঘটনা বইটিতে তুলে ধরা হয়েছে।

/বিবি/