শিরোনাম

সাতক্ষীরায় জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে লম্বা লাইন

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে লম্বা লাইন
সাতক্ষীরায় ফিলিং স্টেশনে লম্বা লাইন। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারের সরবরাহ এবং দাম নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে হঠাৎ করে দেশের বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। ফলে জেলার সব ফিলিং স্টেশনে ভিড় দেখা যাচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) সাতক্ষীরা সদরের মেসার্স এবি খান ফিলিং স্টেশনে দেখা যায় তেল নেওয়ার লম্বা লাইন। গত (৫ মার্চ) রাত থেকে এমন দৃশ্য দেখা যাচ্ছে শহরের সকল ফিলিং স্টেশনে।

পেট্রোল নিতে আসা বাইকার রতন মন্ডল বলেন, ‘দেশে জ্বালানি তেলের সংকট শুনতে পেয়ে বাইকে তেল নিতে আসছি। এখানে এসে দেখলাম এতো ভিড় যে আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। মনে করলাম সংকটের কারনে দাম বৃদ্ধি পাবে কিন্তু এখানে এসে দেখলাম ঠিকই আছে। বাইকে ২ লিটার পেট্রোল নিলাম ১১৬ টাকা ৪২ পয়সা দরে। দাম ঠিকই আছে। সবাই শুধু গুজব ছড়াচ্ছে।’

সাতক্ষীরা শহরের একটি পাম্পে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ৩০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। এতে দূরপাল্লায় যাতায়াত করা বেশ কষ্টকর হয়ে পড়েছে।

জানা যায়, খুলনার ডিপো থেকে নির্ধারিত পরিমাণ জ্বালানি না আসায় জেলার পাম্পগুলোতে মজুত দ্রুত কমে যায়। ফলে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও প্রকট হয়ে ওঠে।

এ বিষয়ে সাতক্ষীরার এবি খান পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী তাছিন কবীর খান বলেন, ‘চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ অনেক কম। তাই গ্রাহকরা যাতে সবাই কিছুটা হলেও তেল পায়। আমরা ফিলিং স্টেশনের জ্বালানি তেলের দাম পোস্টার করে টানিয়ে দিয়েছি পেট্রোল ১১৬.৪২, অকটেন ১২০.৪২, ডিজেল ১০০.৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। সেই কারণে আপাতত মোটরসাইকেল প্রতি ৩০০ টাকার কোটা নির্ধারণ করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে এ ব্যবস্থা তুলে নেওয়া হবে।’

জ্বালানি তেলের দাম বাড়ানো ও মজুদ রেখে দাম বৃদ্ধি না করা বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা সদরের মেসার্স এবি খান ফিলিং স্টেশন, সংগ্রাম ফিলিং স্টেশন এবং মেসার্স কপোতাক্ষ ফিলিং স্টেশনে আমরা অভিযান পরিচালনা করেছি। সংগ্রাম ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

/টিই/