শিরোনাম

নেপালের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে জেন-জি নেতা বালেন্দ্র

সিটিজেন ডেস্ক
নেপালের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে জেন-জি নেতা বালেন্দ্র
একসময়ের হিপহপ র‌্যাপার বালেন্দ্র শাহ। ছবি: সংগৃহীত

নেপালের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। ২০২৫ সালে জেন-জি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সরকার পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন।

প্রাথমিক ভোট গণনায় তরুণদের নেতা বালেন্দ্র শাহ এগিয়ে আছেন বলে জানা গেছে।

এক সময় হিপহপ সংগীতের সঙ্গে যুক্ত এই র‍্যাপার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডু শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন, যা দেশটির রাজনীতিতে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হয়।

শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জেন-জি আন্দোলনের সময় প্রশাসনের অংশ হয়েও শিক্ষার্থীদের অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। তিনি ‘বালেন’ নামেও পরিচিত।

বালেন্দ্র শাহর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। গত বছর জেন-জি প্রজন্মের তরুণদের তীব্র আন্দোলনের মুখে অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রভাব বিস্তার করে আসছেন।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বালেন্দ্র শাহর মধ্যপন্থী দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী অলির দল ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল’ (ইউএমএল) মাত্র তিনটি আসনে এগিয়ে আছে।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি: সংগৃহীত
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি: সংগৃহীত

৪৯ বছর বয়সী গগন থাপার নেতৃত্বাধীন নেপালের প্রাচীনতম দল ‘নেপালি কংগ্রেস’ ৫টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কর্মকর্তারা আভাস দেন, আজ শুক্রবার সন্ধ্যা বা শনিবারের মধ্যে নির্বাচনের ফলাফল পুরোপুরি স্পষ্ট হয়ে যেতে পারে।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদের’ মোট ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি নির্বাচন হচ্ছে। এতে প্রার্থিতা করেছেন তিন হাজার ৪০০ জন প্রার্থী। এখন সেগুলোরই গণনা চলছে।

নেপালের পার্লামেন্টের বাকি ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারণ করা হবে।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোট গ্রহণ হয়েছে। গতকালের ভোটে প্রায় ৫৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।

নির্বাচনী প্রচারণার সময় বালেন্দ্র শাহ বড় ধরনের জনসমাগম করতে সক্ষম হন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি জনসংযোগের মাধ্যমে পরিবর্তন প্রত্যাশী তরুণ ভোটারদের সঙ্গে তিনি ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন।

প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি ভারতের সীমান্তসংলগ্ন ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নিজস্ব শক্ত ঘাঁটিতেই তাকে চ্যালেঞ্জ জানান।

প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপাল দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির কৃষিনির্ভর অর্থনীতিতে; পাশাপাশি বেকারত্বও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এসব সমস্যার পেছনে অবকাঠামোগত দুর্বলতা ও ব্যাপক দুর্নীতি বড় ভূমিকা রেখেছে।

দীর্ঘদিনের জমে থাকা এই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে গত বছরের সেপ্টেম্বরে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির পরিপ্রেক্ষিতে তখনকার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন।

/জেএইচ/