শিরোনাম

৫ ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
৫ ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ
চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার কারখানা। ছবি: সংগৃহীত

তীব্র গ্যাস সংকটের কারণে দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানায় ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন ৫টি সার কারখানার মধ্যে বর্তমানে শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড চালু রয়েছে।

এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রেখেছে। ফলে সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের ৬টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিরই উৎপাদন বন্ধ আছে।

বন্ধ রাখা রাষ্ট্রায়ত্ত ৪ কারখানা হলো– ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার, চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার এবং আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি।

এ বিষয়ে শুক্রবার (৬ মার্চ) বিসিআইসির পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘১৫ দিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। এরপর কী সিদ্ধান্ত হবে, জানি না।’

তিনি আরও বলেন, বিসিআইসির ৫টি ইউরিয়া কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। চালু থাকা শাহজালাল ফার্টিলাইজার কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভবাবে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানো, গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার এবং পাইপলাইনে লিক রোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে এবং অপ্রয়োজনীয় যাতায়াত যতটা সম্ভব কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

/জেএইচ/