শিরোনাম

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

সিটিজেন ডেস্ক
ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: আনাদোলু এজেন্সি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে তিনি ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে পাকিস্তানের পক্ষ থেকে এটি সেনাপ্রধানের দ্বিতীয় সফর। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও গত দুই দিন ধরে তেহরানে অবস্থান করছেন।

এর আগে গত মাসে আসিম মুনির ৩ দিনের এক সফরে ইরান গিয়েছিলেন। সেই সফরে তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সশস্ত্র বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহির সাথে পৃথক বৈঠক সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত হয়। পরবর্তীতে ১১-১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ঐতিহাসিক এক আলোচনার আয়োজন করতে সক্ষম হয় ইসলামাবাদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি সংলাপ নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে বর্তমানে পাকিস্তান তার মধ্যস্থতা প্রক্রিয়া আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/