সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাট সংবাদদাতা
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
বুড়িমারী বামনদল সীমান্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

রবিবার (১৮ অক্টোবর) ভোরে দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের কোশালডাংগা এলাকা দিয়ে এই পুশইনে চেষ্টা চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, ভোরে দিকে বিএসএফ ২ শিশু, ২ নারী এবং ৮ জন পুরুষসহ মোট ১২ জনকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ওই সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে দেয়। বিজিবির এই কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়।

বর্তমানে ওই ১২ জন সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। পুনরায় অনুপ্রবেশ ঠেকাতে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে।

/এফআর/