শিরোনাম

যে শর্তে যুদ্ধবিরতি, সরাসরি আলোচনা শুক্রবার

সিটিজেন ডেস্ক
যে শর্তে যুদ্ধবিরতি, সরাসরি আলোচনা শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন হুমকির ডেডলাইনের একেবারে শেষ মুহূর্তে এসে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পেলো বিশ্ব। ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী ও বিস্তৃত করার লক্ষ্যে আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই স্থগিতাদেশ পুরোপুরি নিঃশর্ত নয়। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে, যাতে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে। এই শর্ত পূরণ হলেই কেবল দুই সপ্তাহের ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর থাকবে।

সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া শেষ মুহূর্তের একটি কূটনৈতিক প্রস্তাব এবং ইরানের ১০ দফা পরিকল্পনার ভিত্তিতেই সমঝোতার পথ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ‘এসব প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননসহ অন্যান্য অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, তিনি এই বিচক্ষণ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য তিনি আগামী শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ইসলামাবাদে প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং এই উচ্চপর্যায়ের মধ্যস্থতা প্রক্রিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠনমূলকভাবে কাজ করছে।

শাহবাজ শরিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় এই আলোচনা টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে।

এদিকে, ট্রাম্পের ঘোষণার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে, ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার পরই এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভেতরেও হামলা বন্ধের কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। প্রায় ৪০ দিন ধরে চলা এ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের ২ হাজার ৫০এর অধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, অ্যাক্সিওস

/জেএইচ/