শিরোনাম

জীবিত খামেনির শেষ ছবি প্রকাশ করলো ইরান

সিটিজেন ডেস্ক
জীবিত খামেনির শেষ ছবি প্রকাশ করলো ইরান
প্রকাশিত খামেনির ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর দেশজুড়ে এখনো বইছে শোক। চলমান আছে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এরই মধ্যে খামেনির জীবিত অবস্থার শেষ ছবিটি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা। সিসিটিভি ক্যামেরায় ছবিটি তোলা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর কিছু সময় আগে।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ফার্স নিউজ এজেন্সি সেসময় জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় বেলা ১০টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনী। ইরনার তথ্য অনুযায়ী, ছবিটি তোলা হয়েছিল ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে সোফায় বসে বই পড়ছেন খামেনি। তার সোফার পাশে একটি ছোটো টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)-এর নিহত কমান্ডার কাশেম সোলায়মানির একটি ফ্রেমবন্দি ছবি। সেই টেবিলের পাশের একটি শেলফের ওপর দুটি ফ্রেমবন্দি ছবি। একটি ইরানের ইসলামি বিপ্লবের প্রধান নেতা এবং ১৯৭৯ সালে বিপ্লবের পর দেশটির প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির।

ইরানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছবিতে খামেনিকে যে বইটি পড়তে দেখা যাচ্ছে সেটি পবিত্র কোরআন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার আগে ইরানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। মৃত্যুর আগে ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনি।

/টিই/