শিরোনাম

আবারও যুদ্ধ হলে ‘নতুন চমক’ দেখবে বিশ্ব: ইরান

সিটিজেন ডেস্ক
আবারও যুদ্ধ হলে ‘নতুন চমক’ দেখবে বিশ্ব: ইরান

তেহরানকে চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুই-তিন দিনের সময়সীমার মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে নতুন সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা শত্রুপক্ষের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে পুনরায় যুদ্ধ শুরু হলে শত্রুদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে।

মার্কিন কংগ্রেসের একটি সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও অত্যাধুনিক একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে বলেও তিনি উল্লেখ করেন। আরাঘচি বলেন, পূর্বের সংঘাত থেকে অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে যুদ্ধে ইরান আরও বিধ্বংসী রূপ নেবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা শুরু করেন, তবে নতুন ফ্রন্ট খোলার হুমকিও দিয়েছে তেহরান।

তেহরানের এ অনমনীয় অবস্থানের মধ্যেই কিছুটা ভিন্ন সুর শোনা গেছে ওয়াশিংটনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ও সংলাপে ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় নতুন করে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে। এর পাশাপাশি, গাজাগামী মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপরও ইসরায়েলি বাহিনীর ধরপাকড় চলছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/